ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ৬৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে মাত্র ৩০০টি আসনের বিপরীতে মোট ৪৬ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১ হাজার ২৪১ জন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১০৪ জনেরও বেশি ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার অধ্যাপক ড. ম. আনোয়ার হোসেন জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৪৬৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১১ হাজার ৭৭৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দুই কেন্দ্র মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ২৪১ জন।
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানা গেছে, ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে এক ঘণ্টার এই পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাসের জন্য ন্যূনতম ৩৩ নম্বর পেতে হবে।
আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) ‘বি’ (মানবিক) ও ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ