ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোর অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ বিশ্লেষণে মোট ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৫০০টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে কেন্দ্রগুলোকে তিন ভাগে ভাগ করেছে জেলা পুলিশ। ১৯০টি অধিক ঝুঁকিপূর্ণ, ৩১০টি ঝুঁকিপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ কেন্দ্র। সংঘর্ষের আশঙ্কা, দুর্গম চরাঞ্চল, নদীপথে যাতায়াতের সমস্যা এবং পূর্ববর্তী নির্বাচনের বিরোধপূর্ণ ইতিহাসের কারণেই এসব কেন্দ্রকে এই তালিকায় রাখা হয়েছে। উপজেলাগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যায় শীর্ষে রয়েছে শাজাহানপুর, যেখানে ৪৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কাহালু, শেরপুর ও শিবগঞ্জেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য।
আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৯৮৩টি কেন্দ্রের ৫ হাজার ৪৭৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টহল এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যেকোনো তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ