সিরাজগঞ্জে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি: ৩ প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি: ৩ প্রতারক গ্রেপ্তার

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি যৌথ চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া জেলার শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মোঃ সোহেল মিয়া (৩৪), ধুনট থানার চালাপাড়া গ্রামের মোঃ বাদশা আকন্দ (৫০) এবং তাঁর ছেলে মোঃ রিপন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর ছবি ব্যবহার করে দুটি হোয়াটসঅ্যাপ আইডি খোলে। এরপর নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে জেলার শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর কাছে ‘ঈদের সম্মানী’ বাবদ মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন