‘লাল সবুজ’ পরিবহন থেকে গাঁজা উদ্ধার, চালক-হেলপার গ্রেপ্তার
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি এসি বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ। এ সময় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কাঁচপুর এলাকার তামিম নার্সারির সংলগ্ন মহাসড়কের চেকপোস্টে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নোয়াখালী সদরের সোনাপুর এলাকার নূর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই থানার মধ্য করিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হেলপার মো. সালাউদ্দিন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে বিভিন্ন যানবাহনে অভিযান শুরু করে। ঢাকাগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাস সিগন্যাল দিয়ে থামানোর পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক ও হেলপার মাদক পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী বাসের লাগেজ বক্স থেকে স্কচটেপে মোড়ানো ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|