বগুড়ার সাত আসনেই জয়ের লক্ষ্য: ঘরে ঘরে যাওয়ার নির্দেশ তারেক রহমানের

বগুড়ার সাত আসনেই জয়ের লক্ষ্য: ঘরে ঘরে যাওয়ার নির্দেশ তারেক রহমানের

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বেলা সোয়া ১১টার দিকে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বগুড়া বিএনপির দুর্গ। শুধু সভা-সমাবেশ বা স্লোগান দিলেই নির্বাচন পার হওয়া যাবে না। ভোটারদের আস্থা অর্জনে আপনাদের প্রতিটি ঘরে যেতে হবে, মানুষের সুখ-দুঃখের কথা শুনতে হবে। এবারের নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ, তাই প্রতিটি ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমি এবার সরাসরি আপনাদের প্রার্থী হয়ে এসেছি। তবে আমাকে সারা দেশে নির্বাচনী প্রচারণায় সময় দিতে হচ্ছে, তাই আমার নির্বাচনী এলাকার দায়িত্ব আপনাদের ওপর সঁপে দিলাম। বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে গত যেকোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে।”

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান স্মৃতিচারণ করে বলেন, বিএনপি সরকারে থাকাকালীন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বগুড়ায় যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, গত ১৭ বছরে তা থমকে গেছে। পুনরায় সরকার গঠন করতে পারলে বগুড়াকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি তারেক রহমানকে আশ্বস্ত করে বলেন, জেলার প্রতিটি কেন্দ্রে ধানের শীষের পক্ষে দুর্গ গড়ে তোলা হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাতটি আসনেই বিপুল ব্যবধানে বিএনপি জয়ী হবে। মতবিনিময় সভায় জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন