ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় বড় ধরণের শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরজুড়ে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল ৪টায় শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পরে মহিম স্কুলের সামনে গিয়ে এই কর্মসূচি শেষ হয়।
শোভাযাত্রায় সরাসরি অংশ নেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। তিনি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ফরিদপুরের মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারা ফিরিয়ে আনতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা পরিবর্তনের অপেক্ষায় আছে।
দলীয় নেতাকর্মীদের মতে, সাধারণ ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত রাখতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, ফরিদপুর সদরে দীর্ঘ সময় পর বিএনপির এত বড় ও সুশৃঙ্খল রাজনৈতিক শোভাযাত্রা ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ