ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রবিবার (২৯ মার্চ) দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ। ৪৩ বছর বয়সি এই অভিনেতার আকস্মিক প্রয়াণে টলিউডসহ দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিক খবরে জানা গেছে, দিঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। একপর্যায়ে তিনি সমুদ্রের পানিতে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। সে সময় সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং দ্রুত উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় অভিনয় জগতে পা রাখেন মঞ্চের মাধ্যমে। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তবে ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার, যা বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায়। এরপর একে একে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাণিজ্যিক ও সমান্তরাল—উভয় ধারার সিনেমাতেই তিনি ছিলেন সমান সাবলীল।
ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন রাহুল। ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান ‘সহজ’। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছিল। প্রিয় অভিনেতার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ