চৌহালীতে দাঁড়িপাল্লার ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অবঃ) মুন্জুর কাদের

চৌহালীতে দাঁড়িপাল্লার ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অবঃ) মুন্জুর কাদের

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সভায় সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলমের পক্ষে ভোট চান সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।

চৌহালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সাইদ মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেবো। একটি ভোট হবে ‘হ্যাঁ’ এর পক্ষে এবং দ্বিতীয় ভোটটি হবে সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলমকে বিজয়ী করার জন্য।”

তিনি আরও বলেন, “ভারতের আধিপত্যবাদ বিরোধী ও একটি সমৃদ্ধ দেশ গড়তে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। চৌহালীর উন্নয়নের দায়িত্ব আমাদের।”

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের আমীর মোঃ আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা আমীর ডা. সেলিম রেজা, জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ইউনুস আলী শিকদার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভায় উপজেলা জামায়াত, ছাত্রশিবির ও যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন