ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এই আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীরা মেরা পিঠা, পাটিসাপটা, মালপোয়া, নারকেল রোল, কলাপিঠা, নারকেল পুলি, তালের বড়াসহ নানা রকমের ঐতিহ্যবাহী দেশি পিঠার স্টল সাজিয়ে বসে। শিক্ষার্থীরা নিজেরাই পিঠা তৈরি ও পরিবেশনের দায়িত্ব পালন করে, যার মাধ্যমে তারা গ্রামীণ জীবনধারা ও ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। ক্যাম্পাসের রঙিন সাজসজ্জা ও পিঠার ঘ্রাণে পুরো পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এস.এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার এবাদুল হক, গজারিয়া সচেতন সমাজের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসান জাহাঙ্গীর, কলেজের অধ্যক্ষ মনির হোসাইন এবং পরিচালক শফিকুল ইসলাম ও কবির হোসেন ফরাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে পাঠ্যবইয়ের বাইরেও বাঙালির নিজস্ব সংস্কৃতি ও শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পিঠা উৎসব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ