সাতক্ষীরায় ‘দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় ‘দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মো. রহমাতুল্লাহ পলাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক বাংলাদেশের আলো সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, যা গণতন্ত্র রক্ষা ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। তিনি বলেন, “দৈনিক বাংলাদেশের আলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই বস্তুনিষ্ঠতার ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ছাত্র শিবির সাতক্ষীরা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান এবং সদর থানার তদন্ত অফিসার শফিকুল ইসলাম। বক্তারা পত্রিকাটির সাহসী সাংবাদিকতা ও সমাজ সচেতনতামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক হাফিজুর রহমান, নাজমুল হোসাইন মাহী, আবু মুহিত ও রবিউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে নিয়ে কেক কাটা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন