ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে রিকাবীবাজার এলাকার নগর কসবা স্পোটিং ক্লাব মাঠে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন ও আকর্ষণীয় ডিসপ্লের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাচ, গান ও ফ্যাশন শোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, “নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে খেলাধুলা ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। নিয়মিত চর্চার মাধ্যমেই আমাদের তরুণরা আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার তালুকদার, মিরকাদিম পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মো. সোহেল মনির, কমলাঘাট বন্দরের আমেনা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আল-আমিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও মেধা ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ