দিনাজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল জোরদার

দিনাজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল জোরদার

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি ব্যাপক ও সুসংগঠিত মহড়া পরিচালনা করা হয়েছে। মূলত সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে এই বিশেষ নিরাপত্তা তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী।

এই কার্যক্রমের মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও আইনবিরোধী তৎপরতার বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অবস্থান ও প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মহড়াকালে জেলার প্রধান সড়ক, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে দৃশ্যমান টহল ও কঠোর নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে জনাকীর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর এই উপস্থিতিতে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই বিশেষ টহল ও মহড়া কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের উসকানিমূলক বা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মহড়া চলাকালে সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন