নোয়াখালীতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল ৮ দোকান

নোয়াখালীতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল ৮ দোকান

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারের পশ্চিম অংশে এই দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তেলের দোকান হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ফার্মেসি, মুদি দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের খবর দেওয়ার দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম এলাকা ও দূরত্বের কারণে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়েছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কয়েকজন ব্যবসায়ী নাশকতার সন্দেহ করায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বর্তমানে খোলা আকাশের নিচে দিশেহারা অবস্থায় রয়েছেন। তারা সরকারি সহযোগিতা ও দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন