মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁর অনুসারীরা।

সংবাদ সম্মেলনে ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান অভিযোগ করেন, গত ২২ ডিসেম্বরের পর থেকে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের (ফুটবল প্রতীক) সমর্থকদের ওপর বিএনপি প্রার্থীর পক্ষের লোকজন একাধিকবার হামলা চালিয়েছে। বিশেষ করে হোসেন্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের ভয়ে তাঁরা এখনো ভোট চাইতে যেতে পারেননি। সেখানে গেলেই তাঁদের অস্ত্রের ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, গত সোমবার একটি ব্যক্তিগত ঝগড়াকে রাজনৈতিক রূপ দিয়ে প্রতিপক্ষরা নতুন পায়তারা শুরু করেছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বিঘ্নে প্রচারণা নিশ্চিত করতে তাঁরা প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মকবুল আহম্মেদ রতন, হুমায়ুন কবির খান, রনি মাস্টার, জহুরুল খান রিটু প্রমুখ।

মন্তব্য করুন