১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন: ডা. শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন: ডা. শফিকুর রহমান

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য সাধারণ কোনো নির্বাচন নয়, এটি জাতির ভাগ্য ও বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪ শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এবং ৩৪ হাজার পঙ্গুত্ববরণকারীর ত্যাগের ফসল। আয়নাঘরের অন্ধকার জগতের অবসানের পর এই নির্বাচনই নতুন বাংলাদেশের পথরেখা তৈরি করবে।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জামালপুরের সিংহজানি হাইস্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গুম, খুন, নির্যাতন ও ভয়ভীতির মধ্য দিয়ে একটি অন্ধকার সময় পার করেছে পুরো দেশ। সেই দুঃসময় পেছনে ফেলে জনগণের সামনে এবার সত্যিকারের পরিবর্তনের এক মহান সুযোগ এসেছে। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং ইনসাফ, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার নির্বাচন।”

তিনি আরও উল্লেখ করেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং যারা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জনগণের রায়ের মাধ্যমেই সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। এজন্য তিনি প্রতিটি ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পবিত্র আমানত (ভোট) প্রয়োগের আহ্বান জানান।

জামালপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জামালপুরসহ সারাদেশে নির্বাচনী মাঠে জনগণের ব্যাপক সাড়া পরিবর্তনের অকাট্য বার্তা দিচ্ছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর দায়িত্ব পালনের দাবি জানান।

সভায় জেলা জামায়াতের আমীর, সেক্রেটারি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও সমর্থক উপস্থিত ছিলেন। জনসভাকে ঘিরে সিংহজানি মাঠ ও আশপাশের এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন