বড়লেখায় মাদক উদ্ধারকালে বিজিবি’র ওপর হামলা: ৫ রাউন্ড গুলি

বড়লেখায় মাদক উদ্ধারকালে বিজিবি’র ওপর হামলা: ৫ রাউন্ড গুলি

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানকালে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করেছে বিজিবি। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি লাতু ও নয়াগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল হারিছ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় 'অফিসার চয়েজ' মদ জব্দ করে। এসময় বাড়ির লোকজন ও মাদক কারবারিরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে বিজিবির ওপর হামলা চালায়। হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার খবর পেয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত ১টার দিকে পুনরায় অভিযান চালিয়ে আরও ৪৮ বোতলসহ মোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা বাদী হয়ে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধারকৃত মাদক থানায় জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।

মন্তব্য করুন