ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ইমরান হোসেন, রাঙামাটি প্রতিনিধি: জাতীয় পর্যায়ের সংগীতাঙ্গনে রাঙামাটির জন্য বিরল গৌরব বয়ে আনলেন কৃতী সন্তান প্রসেনজিৎ দেব। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় তিনি রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত—উভয় বিভাগেই দেশসেরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
রাঙামাটি জেলা ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রসেনজিৎ দেব ‘ঘ’ গ্রুপে অংশ নেন। একই বছরে দুটি ভিন্ন ও সমৃদ্ধ ধারার সংগীতে দেশসেরা দ্বিতীয় হওয়ার এই সাফল্যকে জাতীয় সংগীত প্রতিযোগিতার ইতিহাসে ব্যতিক্রমী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রসেনজিৎ দেব বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর এই অভাবনীয় অর্জনের খবর ছড়িয়ে পড়লে রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও স্থানীয় সংস্কৃতিজনরা মনে করছেন, দীর্ঘদিনের নিয়মিত সংগীতচর্চা, নিষ্ঠা ও কঠোর অধ্যবসায়ই তাঁকে এই চূড়ায় পৌঁছে দিয়েছে।
তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শুভানুধ্যায়ীরা বলেন, প্রসেনজিৎ শুধু রাঙামাটির নয়, বরং পুরো চট্টগ্রাম বিভাগের নাম উজ্জ্বল করেছেন। ভবিষ্যতে তিনি জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ