শহিদ সাংবাদিক মেহেদীর পিতার ওপর হামলা: বাউফলে জামায়াতের বিক্ষোভ

শহিদ সাংবাদিক মেহেদীর পিতার ওপর হামলা: বাউফলে জামায়াতের বিক্ষোভ

জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানের শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও নারী জামায়াত কর্মীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাউফল উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাউফল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় গার্লস স্কুল সংলগ্ন এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণার সময় শহিদ সাংবাদিক মেহেদীর পিতা মোশাররফ হোসেনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে প্রচারকাজে নিয়োজিত নারী কর্মীদের প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।

বক্তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হামলাকারীদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বিক্ষোভ মিছিলের বিষয়টি তারা অবগত আছেন। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন