ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, "মানুষ মৃত্যুর আগে দুনিয়ার আমল ও নেক কাজের মাধ্যমে জান্নাত প্রত্যাশা করে। কিন্তু আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি এমনভাবে কথা বলছে যেন তারা দুনিয়াতেই বেহেশত দিচ্ছে। আমরা দুনিয়ায় মানুষের সেবা ও ন্যায়বিচারের মাধ্যমে আখেরাতে মুক্তি চাই।" তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে অন্যায়ের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।
জনসভার একটি বিশেষ আকর্ষণ ছিল দলবদল। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে মো. লিটন সিকদার ও মো. মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। নুরুল ইসলাম মনি তাঁদের ফুল দিয়ে দলে বরণ করে নেন।
বেতাগী উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—কমিটির সদস্য সচিব মো. পান্না খান, বেতাগী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আহসান কবীর এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার সমর্থক।
জনসভা শেষে আলহাজ্ব নুরুল ইসলাম মনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তাঁর বক্তব্য শেষ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ