ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান হোসেন, রাঙামাটি প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নারীদের নিয়ে সাম্প্রতিক বক্তব্যকে ‘নিন্দনীয় ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির। তিনি বলেন, একজন আলেম ও একটি রাজনৈতিক দলের শীর্ষ পদে থেকে নারী সমাজকে নিয়ে এমন কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ছাত্রদল আয়োজিত এক সংবর্ধনা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও তাঁর সফরসঙ্গীদের উপজেলা মিনি স্টেডিয়ামে জমকালো সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাবুপাড়ায় উঠান বৈঠকে মিলিত হয়।
উঠান বৈঠকে বক্তারা জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তারা জান্নাতের টিকিট বিক্রির নামে দেশের মা-বোনদের বিভ্রান্ত করছে। এ ধরনের বক্তব্য ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ বলেও তাঁরা দাবি করেন। এছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের আমলে যারা গোপনে রাজনীতি করেছে, তারা এখন উসকানি দিচ্ছে। তবে গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থে ছাত্রদল ধৈর্য ধারণ করছে।
বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। নেতাকর্মীরা বিএনপির রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ও ৮ দফা কর্মসূচি তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্য-প্রযুক্তি খাতকে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
রাঙামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দীন রাজু এবং বাঘাইছড়ি পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নিশান ফানান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ