কালাইয়ে পুনট ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুল বারীর ব্যাপক গণসংযোগ

কালাইয়ে পুনট ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুল বারীর ব্যাপক গণসংযোগ

মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে আব্দুল বারী বলেন, “দেশের মানুষ আজ তাঁদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে। বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে বদ্ধপরিকর। আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে পুনট ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

তিনি আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তাঁর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ গড়তে তিনি 'ধানের শীষ' প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তা-ঘাটের বেহাল দশা ও ড্রেনেজ সমস্যার কথা তুলে ধরলে তিনি পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিএনপির এই প্রার্থীর গণসংযোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতাকর্মীদের উদ্দীপনায় পুনট ইউনিয়নে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন