নির্বাচন ঘিরে বগুড়ায় কড়া নিরাপত্তা: মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

নির্বাচন ঘিরে বগুড়ায় কড়া নিরাপত্তা: মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলাজুড়ে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম।

সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে। কোনো ধরনের মাদক, অস্ত্র পাচার, চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

লেফটেন্যান্ট কর্নেল আরেফুল ইসলাম মাসুম আরও বলেন, "বগুড়া জেলাকে নির্বাচনের নিরাপত্তা বিবেচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ দুটি জেলার ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।"

তিনি বিস্তারিত উল্লেখ করে বলেন, এর মধ্যে কেবল বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্পের অধীনে ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে। অবশিষ্ট ৯ প্লাটুন সদস্য নওগাঁ জেলার বিভিন্ন অংশে মোতায়েন রয়েছেন।

বিজিবি অধিনায়ক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিজিবি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন