কাজিপুরে ‘হায়েনা’ আতঙ্ক: রাত নামলেই থমথমে চরাঞ্চল, আহত একাধিক

কাজিপুরে ‘হায়েনা’ আতঙ্ক: রাত নামলেই থমথমে চরাঞ্চল, আহত একাধিক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া, গুলেরমোড় ও চরগিরিশ এলাকায় এক রহস্যময় বন্যপ্রাণীর অতর্কিত হামলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী প্রাণীটি ‘হায়েনা’, যার হামলায় গত কয়েকদিনে বেশ কয়েকজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। এর ফলে চরাঞ্চলের এই জনপদে এখন রাত নামলেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর নির্জন স্থানে ওত পেতে থাকে এই হিংস্র প্রাণীটি। একা কোনো পথচারী বা বাড়ির বাইরে থাকা মানুষকে লক্ষ্য করে এটি হঠাৎ আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আতঙ্কের তীব্রতা এতটাই যে, প্রয়োজন ছাড়া কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছেন না।

নাটুয়ারপাড়া ও পার্শ্ববর্তী চরাঞ্চলের ভুক্তভোগী পরিবারগুলো জানায়, প্রাণীটি দেখতে অনেকটা হায়েনার মতো এবং অত্যন্ত ক্ষিপ্র। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে স্থানীয়ভাবে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গ্রামবাসী এখন নিজেদের রক্ষায় দলবদ্ধ হয়ে চলাফেরা করছেন এবং রাতে পাহারার ব্যবস্থাও করেছেন। বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই বন্যপ্রাণীটি শনাক্ত ও অপসারণের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ছোট শিশুদের সার্বক্ষণিক নজরে রাখা এবং রাতে চলাফেরার সময় সাথে টর্চলাইট ও লাঠি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন্যপ্রাণীর হামলার বিষয়টি তারা সজাগ দৃষ্টিতে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করার প্রস্তুতি চলছে। বন বিভাগের সহায়তায় প্রাণীটিকে দ্রুত ধরা না গেলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন