ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো সাতটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, আলিপুর এলাকার মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতকারীরা নাশকতার উদ্দেশ্যে এসব বস্তু মজুত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযানকালে টেপ দিয়ে মোড়ানো সাতটি সন্দেহভাজন বস্তু উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ বস্তুগুলো কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে একটি পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করে রেখেছে।
এদিকে, উদ্ধারকৃত বস্তুগুলোর প্রকৃত ধরন এবং ভয়াবহতা নিশ্চিত করতে ফরিদপুর জেলা স্টেডিয়ামস্থ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষ বিশেষজ্ঞ দল থানায় পৌঁছেছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদ নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু করেছে।
প্লাস্টিকের কৌটায় মোড়ানো থাকায় এগুলো শক্তিশালী ককটেল না কি অন্য কোনো ধরনের বিস্ফোরক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ