“তরুণরা জেগে থাকা মানে দেশ জেগে থাকা”: ফেনীতে মজিবুর রহমান মঞ্জুর ম্যারাথন

“তরুণরা জেগে থাকা মানে দেশ জেগে থাকা”: ফেনীতে মজিবুর রহমান মঞ্জুর ম্যারাথন

ফেনী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “তরুণরা জেগে থাকা মানেই হলো দেশ জেগে থাকা। তরুণরাই এ বাংলাদেশকে বাঁচিয়েছে এবং তারাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে ফেনীতে ‘রান উইথ ঈগল’ শিরোনামে ৪শ তরুণ-তরুণীর অংশগ্রহণে এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর ব্যানার ও ঈগল প্রতীকের সমর্থনে এই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন মজিবুর রহমান মঞ্জু।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা প্রাঙ্গণ হয়ে প্রায় ৬ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। প্রতিযোগিতায় ৪শ জন তরুণ-তরুণী অংশ নেন। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩৫ জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, “এই ‘রান উইথ ঈগল’ মানে হলো বাংলাদেশ। এটি শহীদ ওসমান হাদি ও শহীদ আবু সাঈদের স্বপ্নের প্রতিচ্ছবি। এই তরুণরা জুলাই-আগস্টে বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তারাই সামনের দিকে দেশকে নেতৃত্ব দিবে।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্য সচিব মু. ফজলুল হক, খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী এবং ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন