বিয়ানীবাজারে যৌথ বাহিনীর ভোটকেন্দ্র পরিদর্শন: সুষ্ঠু নির্বাচনের লক্ষে কঠোর বার্তা

বিয়ানীবাজারে যৌথ বাহিনীর ভোটকেন্দ্র পরিদর্শন: সুষ্ঠু নির্বাচনের লক্ষে কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছে প্রশাসন ও যৌথ বাহিনীর একটি টিম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে উপজেলার অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশব্লক, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ এবং ভোটগ্রহণ কক্ষের পরিবেশ যাচাই করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের ত্রুটি আছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এই পরিদর্শন দলে নেতৃত্ব দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক এবং বিজিবি-৫২ ব্যাটালিয়নের সদস্যরা।

ইউএনও উম্মে হাবীবা মুজমদার বলেন, “একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে তদারকি অব্যাহত থাকবে।” থানার ওসি মো: ওমর ফারুক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটের মাঠে কোনো প্রকার ভয়ভীতি বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভোটাররা যেন কেন্দ্রে এসে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

মন্তব্য করুন