ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। সোমবার (২ ফেব্রুয়ারি) সোনাগাজী পৌরসভার চরছান্দিয়া ও পৌর এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, "বিগত ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা রুখে দেব।" তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি দেশ ভুল পথে যায়, তবে ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
এর আগে সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে পথসভা করেন তিনি। চরাঞ্চলের মানুষের উদ্দেশ্যে মিন্টু বলেন, নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন এবং নদীভাঙন রোধে ‘মুছাপুর রেগুলেটর’ দ্রুত নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রসারে কাজ করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু এবং প্রার্থীর ছেলে তাফসির এম আউয়াল। এছাড়া বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দীন এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ