ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: অবিলম্বে বৈষম্যহীন নবম জাতীয় পে-স্কেল প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ বলেন, ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো পে-স্কেল না হওয়ায় ১০-২০ গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, "পে-স্কেল কোনো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। বর্তমান বাজারমূল্যের সাথে আমাদের বেতন অসামঞ্জস্যপূর্ণ।"
বিক্ষোভকারীরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হয়, তবে ৬ ফেব্রুয়ারি ঢাকা অভিমুখে 'ভুখা মিছিল' ও সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী বেতার, ডাক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রায় ৫০টি দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন এ কে এম সোহেল রানা, মাসুদ করিম, বনি আমিন ও আলমাস হোসেন প্রমুখ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ