নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষ: দুই কৃষকের মৃত্যু

নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষ: দুই কৃষকের মৃত্যু

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া গ্রামের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দারিয়াপুর উত্তর মণ্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং একই এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুইট তাঁর আলুর জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে প্রতিবেশী আজিজার তাঁর সঙ্গে মোটরসাইকেলে ওঠেন। তাঁরা দারিয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত ভটভটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত সুইটকে উদ্ধার করে দ্রুত নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক ভটভটি ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একই এলাকার দুই কৃষকের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে দারিয়াপুর গ্রামের আকাশ-বাতাস।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন