মৌলভীবাজারে পৌঁছাল ব্যালট পেপার: কড়া নিরাপত্তায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ

মৌলভীবাজারে পৌঁছাল ব্যালট পেপার: কড়া নিরাপত্তায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোটকে সামনে রেখে মৌলভীবাজারে পৌঁছেছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) এবং আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দফায় দেশব্যাপী ২১টি জেলায় ব্যালট পেপার বিতরণের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সরঞ্জাম এসে পৌঁছায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিশেষ নিরাপত্তা ও পুলিশি পাহারায় কাভার্ড ভ্যানে করে ব্যালট পেপারগুলো মৌলভীবাজারে আনা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সরঞ্জাম বুঝে নেন। বর্তমানে জেলা ট্রেজারিতে ‘ডাবল লক’ সিস্টেমে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও সশস্ত্র পুলিশি পাহারায় ব্যালট পেপারগুলো সংরক্ষিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে মূলত দূরবর্তী, হাওর ও উপকূলীয় ২১টি জেলাকে প্রাধান্য দিয়ে ব্যালট পাঠানো হয়েছে। ধাপে ধাপে দেশের বাকি জেলাগুলোতেও এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। মূলত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই লজিস্টিক প্রস্তুতির এই চূড়ান্ত ধাপ সম্পন্ন করা হচ্ছে।

ব্যালট পেপার পৌঁছানোর খবরে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনেই নির্বাচনী আমেজ আরও তুঙ্গে উঠেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানো থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। একই দিন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি 'জুলাই সনদ' বা সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন