নোয়াখালীতে নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে জিওসি মেজর জেনারেল নাজিম

নোয়াখালীতে নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে জিওসি মেজর জেনারেল নাজিম

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলা পরিদর্শন করেছেন ৩০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (কুমিল্লা) মেজর জেনারেল মো. নাজিম-উল-দৌলা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, নির্বাচনকালীন প্রস্তুতি পর্যালোচনা এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. নাজিম-উল-দৌলা নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সকল বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় নোয়াখালী জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, র‍্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সমন্বিত প্রস্তুতি এবং যার যার অবস্থান থেকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শন শেষে নোয়াখালী স্টেডিয়ামে মোতায়েনকৃত সেনাসদস্যদের উদ্দেশ্যে জিওসি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেনাসদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন