বানারীপাড়ায় সেনাতৎপরতা: পিস্তল ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বানারীপাড়ায় সেনাতৎপরতা: পিস্তল ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ তাওহীদ, স্টাফ রিপোর্টার | বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্বাচনী নিরাপত্তায় কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাইশারি ইউনিয়নে এক বিশেষ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বানারীপাড়া আর্মি ক্যাম্পের (পরিচালনায়: বজ্রষষ্ঠী) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাইশারি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই চিরুনি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, বেশ কয়েকটি সেভেন গিয়ার চাকু, রামদা, বগিদা, চাইনিজ কুড়াল এবং হাতুড়িসহ বিভিন্ন মারাত্মক অস্ত্র জব্দ করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক সেবনের সামগ্রী ও মাদকদ্রব্যও উদ্ধার করে সেনাবাহিনী।

অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অস্ত্রধারী বা অপরাধী যেন নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে সাধারণ ভোটাররা যেন কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই 'নির্ভয়ে ভোট' দিতে পারেন, সেই উপযোগী পরিবেশ ও নিরাপদ কেন্দ্র নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

ভোটের মাত্র তিন দিন আগে সেনাবাহিনীর এমন আকস্মিক ও কঠোর অভিযানে অপরাধী ও দুর্বৃত্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার শান্তি রক্ষায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করায় সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বাইশারি ইউনিয়নের বাসিন্দারা।

মন্তব্য করুন