বেতাগীতে সুজনের ব্যতিক্রমী পথনাট্য ‘আঁধারে আলোর স্বপ্ন’ অনুষ্ঠিত

বেতাগীতে সুজনের ব্যতিক্রমী পথনাট্য ‘আঁধারে আলোর স্বপ্ন’ অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, বেতাগী: গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে বরগুনার উপক’লীয় জনপদ বেতাগীতে জনসচেতনতামূলক পথনাট্য ‘আঁধারে আলোর স্বপ্ন’ প্রদর্শিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে সোমবার বেতাগী পৌর অডিটোরিয়াম চত্বরে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

নাট্যাঙ্গনের সমন্বয়কারী নাহিয়ানের পরিচালনায় নাটক ও গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব, সাংবিধানিক অধিকার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দেশের চলমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী বিষয়ে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণের মানসিকতা তৈরি করাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

নাটকের সংলাপে সুশাসন প্রতিষ্ঠায় একজন সচেতন নাগরিকের দায়িত্ব এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলনের বিষয়গুলো অত্যন্ত প্রাঞ্জলভাবে ফুটিয়ে তোলা হয়। পথনাট্য শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের সরাসরি মতামত প্রকাশের সুযোগ থাকা জরুরি এবং গণভোট সেই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ।

ব্যতিক্রমী এই পথনাট্য দেখতে অডিটোরিয়াম চত্বরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিত দর্শকরা জানান, অভিনয়ের মাধ্যমে জটিল রাজনৈতিক ও সাংবিধানিক বিষয়গুলো সহজে বুঝতে পেরে তারা উপকৃত হয়েছেন। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন