ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী উত্তাপ নতুন মাত্রা পেয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করতে এবার হাজারো নারী কর্মী ও সমর্থক রাজপথে নেমেছেন। এতদিন ঘরোয়াভাবে প্রচারণা চালালেও সোমবার প্রকাশ্যে বিশাল মিছিল ও স্লোগানে মুখর করে তোলেন বগুড়া শহর ও আশেপাশের এলাকা।
সোমবার সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। প্রথমে নামুজা ইউনিয়নে মিছিলে নেতৃত্ব দেন স্বয়ং প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এরপর বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চারমাথা এলাকা থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন শহর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আজগর আলী। মিছিলটি তিনমাথা ও আজিজুল হক কলেজের সামনের সড়কগুলো প্রদক্ষিণ করে।
দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানাতেই তারা রাজপথে এই শোডাউন করেছেন। মিছিলে অংশগ্রহণকারী নারীরা দাঁড়িয়ে পাল্লার ফেস্টুন ও ব্যানার হাতে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান জানান দেন। সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
নামুজা, গোকুল ও নুনগোলা ইউনিয়নের প্রতিটি মিছিলেই সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, "নারী ভোটারদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, দাঁড়ি পাল্লার জয় সুনিশ্চিত।"
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত নারী কর্মীদের এই রাজপথের প্রচারণা ও জনসংযোগ অব্যাহত থাকবে। নারী ভোটারদের এই বিশাল অংশগ্রহণ বগুড়া-৬ সদর আসনে জামায়াতের জন্য নতুন নির্বাচনী উদ্দীপনা তৈরি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ