ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মো. রফিকুজ্জামান লায়েকের সমর্থনে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় কাস্তে প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
প্রচারণা কর্মসূচি চলাকালে সিপিবির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কমিউনিস্ট পার্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কাস্তে প্রতীকে ভোট দিয়ে মো. রফিকুজ্জামান লায়েককে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গড়তে কাস্তে প্রতীকের কোনো বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন যে, মো. রফিকুজ্জামান লায়েক নির্বাচিত হলে ফরিদপুর সদর এলাকাকে দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।
কর্মসূচিতে জেলা ও পৌর কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ-সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে তারা ভোটারদের ব্যাপক সাড়াতে সন্তোষ প্রকাশ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ