কাপ্তাইয়ে ভোটার সচেতনতায় ব্যতিক্রমী ভ্রাম্যমাণ ট্রাক সংগীতানুষ্ঠান

কাপ্তাইয়ে ভোটার সচেতনতায় ব্যতিক্রমী ভ্রাম্যমাণ ট্রাক সংগীতানুষ্ঠান

মো. ইমরান হোসেন, রাঙামাটি প্রতিনিধি: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে এক ব্যতিক্রমী প্রচার অভিযান শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির এই কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, কলবাগান, উপজেলা সদর, নতুনবাজার জেটিঘাট ও শিলছড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই সংগীতানুষ্ঠান চলে। কাপ্তাই তথ্য অফিসের লোকসংগীত দলের বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে শিল্পী লিপি দাশ, টুন্টু রাম ও নিপু মল্লিক ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে গান পরিবেশন করেন। সংগীতের সুরে সুরে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে কাপ্তাই উপজেলা সদরে এই ভ্রাম্যমাণ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন।

উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তারা জানান, নিরস প্রচারণার চেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া বার্তা সাধারণ মানুষের মনে বেশি প্রভাব ফেলে। এই সংগীতানুষ্ঠানের ফলে সাধারণ ভোটাররা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আরও সচেতন হবে এবং নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে বলে তারা আশাবাদী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন