ভোটারদের টাকা দেওয়ার দায়ে ভালুকায় বিএনপি নেতাসহ ৬ জনের কারাদণ্ড

ভোটারদের টাকা দেওয়ার দায়ে ভালুকায় বিএনপি নেতাসহ ৬ জনের কারাদণ্ড

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে বিএনপি নেতা আব্দুল হামিদ ক্বারীসহ ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাঁদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগাজান এলাকার ওই মহিলা মাদ্রাসায় অবস্থান নিয়ে একদল লোক ভোটারদের টাকা বিলিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় টাকা বিতরণকালে হাতেনাতে আব্দুল হামিদ ক্বারীসহ সাতজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও বিতরণের প্রমাণ উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪(১) ধারা লঙ্ঘনের সত্যতা পান। পরে দোষী সাব্যস্ত ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মানবিক কারণে আটককৃতদের মধ্যে এক অপ্রাপ্তবয়স্ককে সাজা না দিয়ে তাঁর মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানিয়েছেন, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা টাকার প্রভাব খাটানোর চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাজাপ্রাপ্তদের রাতেই পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রভাবশালী রাজনৈতিক নেতার এমন দণ্ড সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন