ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ঘোষণা করেছেন যে, বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক মানুষের ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ও কৃষি ঋণ মওকুফ করা হবে। সোমবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে বিরল পৌর মহিলা দল ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে এলাকাকে নিরাপদ রাখা হবে। তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক চিকিৎসক ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করার পাশাপাশি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার কাজে শরিক হতে তিনি নারী ভোটারদের প্রতি আহ্বান জানান।
বিরল পৌর মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছার সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মোস্তাফিজুর রহমান আক্তারুল, আসাদুল হক হিরাসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের আগে প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক রাণীপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। কর্মসূচি শেষে মির্জাপুর মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত আহ্বায়ক আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ