ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার: ভিডিও ভাইরাল

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার: ভিডিও ভাইরাল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষকের প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত আসসাদ আলী লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় আসসাদ আলীকে বক্তব্য দিতে দেখা যায়। ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, "ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাবেন।" একই সাথে তিনি জামায়াতে ইসলামীর প্রতীক 'দাঁড়িপাল্লা'কে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে বিএনপি প্রার্থী আজাদ হোসেনের বিজয় কামনা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত গত ২৭ জানুয়ারির সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম পাওয়া গেছে। একজন ভোটগ্রহণ কর্মকর্তা হয়ে সরাসরি রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়া এবং অন্য দলের বিরুদ্ধে বিষোদগার করা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত আসসাদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, "এখনো ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত হয়নি এবং প্রাথমিক তালিকাতেও তাঁর নাম নেই।" যদিও দাপ্তরিক প্রশিক্ষণ তালিকায় তাঁর নাম থাকায় বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন