বগুড়ায় তারেক রহমানের ‘সবুজ প্রচারণা’: লিফলেট মাটিতে পুঁতলেই জন্মাবে গাছ

বগুড়ায় তারেক রহমানের ‘সবুজ প্রচারণা’: লিফলেট মাটিতে পুঁতলেই জন্মাবে গাছ

ওয়াফিক শিপলু, বগুড়া: পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ায় এক অভিনব নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘জীবন্ত কাগজ’ (সিড পেপার) দিয়ে তৈরি বিশেষ লিফলেট বিতরণ করেছেন ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

এই লিফলেটগুলো সাধারণ কাগজের মতো নয়, বরং এগুলো পরিত্যক্ত কাগজ থেকে তৈরি পরিবেশবান্ধব ‘বন-কাগজ’। এই কাগজের বিশেষত্ব হলো এর ভেতরে টমেটো, মরিচ, ধনেপাতা ও বিভিন্ন শাকের বীজ মিশিয়ে দেওয়া হয়েছে। লিফলেটটি পড়ার পর মাটিতে পুঁতে সামান্য পানি দিলেই কাগজটি গলে গিয়ে বীজ থেকে গাছ জন্মাবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম এ ধরনের বীজযুক্ত লিফলেট ব্যবহারের মাধ্যমে ‘সবুজ বাংলাদেশ’ গড়ার বার্তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আজিজুল হক কলেজ চত্বরে শিক্ষার্থীদের হাতে হাতে এসব লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় ব্যতিক্রমী এই উদ্যোগ দেখে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকে লিফলেট সংগ্রহ করার পাশাপাশি এটি ব্যবহারের নিয়ম সম্পর্কেও নেতা-কর্মীদের কাছ থেকে জেনে নেন।

প্রচারণার আয়োজক ছাত্রনেতা রাকিবুল ইসলাম বলেন, “আমরা শুধু ভোট চাইছি না, বরং তারেক রহমানের পক্ষ থেকে আগামীর সুন্দর ও সবুজ বাংলাদেশের স্বপ্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। এই লিফলেটটি কেউ ফেলে না দিয়ে বরং প্রিয় গাছ হিসেবে বড় করবে।” স্বেচ্ছাসেবক আশিক রহমান জানান, সাধারণ লিফলেট মানুষ পড়ে ফেলে দেয় যা পরিবেশের ক্ষতি করে, কিন্তু এই ‘জীবন্ত কাগজ’ মানুষ যত্ন করে সংরক্ষণ করবে।

কলেজের শিক্ষক ও স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনী প্রচারণায় এমন সৃজনশীলতা আগে দেখা যায়নি। এটি রাজনীতির সঙ্গে পরিবেশ সচেতনতাকে একসুতোয় বেঁধেছে, যা প্রশংসার দাবিদার। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে বগুড়ার সব বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে এই ‘জীবন্ত লিফলেট’ বিতরণ করা হবে।

মন্তব্য করুন