ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে উপজেলার বালাসুর এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহত হয়েছেন এবং প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা শ্রীনগর-দোহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি ও তাঁর ভাই তমিজউদ্দীন বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি স্থাপনা নির্মাণ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান হাজী, মানিক ডাকাত ও তাপস গং ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলেও তাতে ব্যর্থ হন। এরপর থেকেই তারা জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
মঙ্গলবার ভোরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন মার্কেটটি দখলে নিতে গেলে আলমগীর ও তাঁর স্বজনরা বাধা দেন। এ সময় হামলাকারীরা আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে হাসপাতাল গেটেও প্রতিপক্ষের লোকজন পুনরায় তাঁকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হামলায় আহত তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪) এবং আব্দুর রহমানসহ (২৩) অন্তত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা বালাসুর বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ