ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুনের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত এই সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, "রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করার একটি পবিত্র আমানত।"
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই জনসভা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। মিছিল নিয়ে আসা হাজার হাজার সমর্থকের ‘মামুন ভাই, মামুন ভাই’ এবং ‘ঘোড়া, ঘোড়া’ স্লোগানে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন তাঁর বক্তব্যে নাসিরনগরের উন্নয়নে বিশেষ রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, "আমার লক্ষ্য নাসিরনগরের প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং কুটির শিল্পের বিকাশের মাধ্যমে এই অঞ্চলের বেকারত্ব দূর করা। নীতি ও নৈতিকতার পথে থেকে একটি সমৃদ্ধ, নিরাপদ ও আলোকিত নাসিরনগর গড়তে আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।"
চাপরতলা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বর্ষীয়ান নেতা এস এম শাফি মাহমুদ। নাসিরনগর উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. হাবীব মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আ. আওয়াল, যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালাল এবং ‘আলোকের অভিসারী’র আহ্বায়ক বখতিয়ারুজ্জামান গালিবসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কামরুজ্জামান মামুনের বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকে ভোট দিয়ে এই জনপদকে জুলুমমুক্ত করার আহ্বান জানান তাঁরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ