নেত্রকোণা-১: আলকাছ উদ্দিন মীরের উঠান বৈঠক, কাস্তে মার্কায় ভোটের আহ্বান

নেত্রকোণা-১: আলকাছ উদ্দিন মীরের উঠান বৈঠক, কাস্তে মার্কায় ভোটের আহ্বান


নূর আলম,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী কমরেড আলকাছ উদ্দিন মীরের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে (২ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথি ছিলেন প্রার্থী কমরেড আলকাছ উদ্দিন মীর। এছাড়া বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং উপজেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্গাপুর উপজেলা যুব ইউনিয়ন নেতা আল আমিন খান।


বক্তারা সভায় কাস্তে মার্কার পক্ষে জনমত গড়ে তোলা, দলীয় ও গণসংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 


তারা বলেন, সিপিবি শ্রমজীবী মানুষের রাজনৈতিক দল। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শোষণহীন সমাজ গড়াই আমাদের রাজনীতি। এক লুটেরার জায়গায় আরেক লুটেরা ক্ষমতায় এলে জনগণের সমস্যা সমাধান হবে না। তাই আমূল পরিবর্তনের জন্য কাস্তে প্রতীকে ভোট দিন।


বক্তারা আরও বলেন, দেশ আজ গভীর সংকটে। ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শে শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন