ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেলের চালক ঢাকার মুগদা এলাকার আরিফ (৪৫) এবং আরোহী ফরিদপুরের মামুন (৩৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি কেওয়াটখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের (আইল্যান্ড) সাথে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন