বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

ওয়াফিক শিপলু (বগুড়া): বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জেলা নেতার বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই এবং পরবর্তীতে বিকাশ নম্বরে আরও টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম (৩০)।

অভিযুক্ত শওকত ইমরান জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। ভুক্তভোগী আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসির নওগাঁ শাখায় কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুরে সরকারি আজিজুল হক কলেজের এটিএম বুথ থেকে বেতন তুলে ফেরার পথে তিনমাথা ফ্লাইওভারের নিচে সিএনজির গতিরোধ করেন শওকত ইমরান ও তার সহযোগীরা। পরে ব্যাংক কর্মীকে মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে আটকে রেখে মারধর করা হয়।

ভুক্তভোগীর দাবি, দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হয়। এছাড়া জোরপূর্বক ভিডিও জবানবন্দি ধারণ করে পরবর্তীতে বিকাশে আরও ২০ হাজার টাকা না পাঠালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও শওকত ইমরানের বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন জানান, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন