নেপালের এমপি খালেদ সিদ্দিকীর সঙ্গে মাওলানা মামুনুল হকের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: নেপালের জাতীয় সভার সদস্য ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মাওলানা মোহাম্মাদ খালেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমীর আল্লামা মামুনুল হক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে জমিয়তে উলামায়ে নেপালের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে আল্লামা মামুনুল হকের সঙ্গে যুক্তরাজ্য শাখা বিকেএমের সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং মাদরাসাতুর রহমানের ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদীশ আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মুসলিম জনগোষ্ঠীর সামাজিক অবস্থা, ইসলামী শিক্ষা ও দাওয়াহ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আল্লামা মামুনুল হক বলেন, নেপালে পর্যাপ্ত ইসলামী শিক্ষার সুযোগ নেই এবং মাদ্রাসাগুলো উচ্চমাধ্যমিক পর্যন্ত সীমাবদ্ধ থাকায় শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। এ সংকট নিরসনে জমিয়তে উলামায়ে নেপালের গৃহীত 'দারুল উলুম নেপাল' প্রতিষ্ঠার উদ্যোগে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা