স্বামী হত্যায় শামীম ওসমানের বিচার চাইলেন স্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
স্বামী হত্যায় শামীম ওসমানের বিচার চাইলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে বদিউজ্জামান হত্যার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানের শাস্তির দাবি জানিয়েছেন শহীদের স্ত্রী আদুরী খাতুন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদানকালে তিনি এ দাবি উত্থাপন করেন।

জবানবন্দিতে আদুরী খাতুন জানান, গত ৫ আগস্ট সকালে তাঁর স্বামী বাসা থেকে চাষাড়ায় আন্দোলনে যোগ দিতে যান। পরবর্তীতে একই দিন বিকেলে ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে তিনি স্বামীর লাশ বারান্দার ট্রলিতে পড়ে থাকতে দেখেন। ওই সময় শামীম ওসমানের লোকজনের চাপে তাড়াহুড়ো করে লাশ নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করা হয়। তিনি জানান, লাশের গায়ে আঘাতের অসংখ্য দাগ ছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন—শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ তাঁদের অনুসারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন