স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রকৃত দায়িত্বশীল বা নেতা তিনিই, যিনি অর্পিত আমানত যথাযথভাবে নিজের কাঁধে তুলে নেন। নেতৃত্বের প্রকৃত সার্থকতা পদের চেয়ে দায়িত্ববোধের অনুভূতির ওপর বেশি নির্ভরশীল বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় 'তাগলিবে দ্বীন মারকাজে' আয়োজিত দুই দিনব্যাপী ‘লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম–২৬’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিসে শুরা সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের মানোন্নয়নে এই বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক বলেন, একজন প্রকৃত লিডার তাঁর অধীনে থাকা কাজের সকল ত্রুটি ও বিচ্যুতি নিজের কাঁধে তুলে নেবেন। একইসঙ্গে নিজের সীমাবদ্ধতাগুলো সহকর্মীদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবেন, যাতে তাঁদের মধ্যেও উত্তরদায়ী হওয়ার মানসিকতা তৈরি হয়। তিনি আরও যোগ করেন, যুব মজলিস কেবল রাজনৈতিক নেতা নয়, বরং দেশ ও ধর্মের জন্য একনিষ্ঠ দায়িত্বশীল কর্মী তৈরি করতে কাজ করছে।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় দায়িত্বশীলদের মানোন্নয়ন, কৌশলগত দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশে গ্রুপ ওয়ার্ক, লিখিত পরীক্ষা ও বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের বিভিন্ন সেশনে দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও সংগঠকগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
শুক্রবার অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের হেদায়াতি বক্তব্য এবং নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমীর দোয়ার মাধ্যমে দুই দিনব্যাপী এই লিডারশিপ প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
এ.আই.এল/সকালবেলা