সাবেক ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ সদস্য জি এম ফজলুল হকের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ সদস্য জি এম ফজলুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত স্পিকার জি এম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমের বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং দেশে ও বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের গাজী বাড়ির মরহুম মিছির আলী গাজীর ছেলে। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করতেন। রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজা চাঁদপুরে তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে জানাজার সুনির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তার মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা


মন্তব্য করুন