শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ণ
শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি: ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, সরকারকে মিথ্যা দোষারোপ এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

আজ রবিবার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে সেটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ বলেন, “গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয়ের নাটক সাজিয়ে যারা প্রকৃত ভুক্তভোগী পরিবারগুলোকে অবমাননা করছে, তাদের মুখোশ উন্মোচন করা উচিত। এসব বানোয়াট কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের নোংরা রাজনৈতিক চালবাজি বিষয়ে সচেতন থাকতে হবে।” তিনি আরও বলেন, “দেশবিরোধী ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সাধারণ ছাত্রসমাজকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর তাঁর বক্তব্যে বলেন, “গত ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্ররাজনীতিতে সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু একটি বিশেষ সংগঠনের ধারাবাহিক অপপ্রচার, উসকানিমূলক বক্তব্য এবং ধর্ষণের মতো ঘটনা ঢাকা দেওয়ার অপকৌশল সেই শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

তিনি আরও যোগ করেন, “ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, ক্যাম্পাসের স্থিতিশীলতার স্বার্থে সব ছাত্রসংগঠনের দায়িত্বশীল আচরণ করা উচিত। অপপ্রচার, বিভ্রান্তি ও সংঘাতের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে জাবিতে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

উক্ত বিক্ষোভ কর্মসূচিতে জাবি শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন